দোষারোপ নয়, সমঝোতার মাধ্যমে
সমাধানের পথ খুঁজতে হবে
বাংলাদেশ এখন ইতিহাসের এক ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে। সময়টা যেন এক অদ্ভুত মিশ্রণ—আশা, উৎকণ্ঠা আর অস্থিরতার। রাজপথে আন্দোলনের ¯েøাগান, সংবাদমাধ্যমে উত্তেজনাপূর্ণ খবর, আর মানুষের মুখে অনিশ্চয়তার ছাপ, সব মিলিয়ে দেশ আজ যেন দাঁড়িয়ে আছে অজানা ভবিষ্যতের দোরগোড়ায়।
রাজনীতি এখন উত্তাল সাগরের মতো। নির্বাচন ঘনিয়ে আসছে, আর তার সঙ্গে সঙ্গেই রাজনৈতিক অঙ্গন হয়ে উঠেছে দাবার ছক। কোথাও নতুন জোট গঠন হচ্ছে, কোথাও ভাঙছে পুরোনো সম্পর্ক, রাজপথে মিছিল-সমাবেশের ঢেউ উঠছে প্রতিদিন। কিন্তু এই রাজনৈতিক কোলাহলের ভিড়ে সাধারণ মানুষ যেন দিশেহারা। সহিংসতার খবর মানুষের মনে আরও ভীতি বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক পরিণতিপূর্ণ নেতৃত্বের প্রয়োজন আজ সবচেয়ে বেশি।
কিন্তু চ্যালেঞ্জ কেবল রাজনীতিতেই সীমাবদ্ধ নয়। অর্থনীতির অবস্থা আজ কঠিন পরীক্ষার মুখে। বৈশ্বিক মন্দার প্রভাব পড়েছে বাংলাদেশেও; ডলার সংকট, আমদানি-রপ্তানির টানাপোড়েন, বিনিয়োগের স্থবিরতা আর লাগামহীন মূল্যস্ফীতি দেশের অর্থনীতিকে করেছে চাপে জর্জরিত। ক্ষুদ্র উদ্যোক্তারা ঝুঁকিতে, তরুণ প্রজন্ম কর্মসংস্থানের অভাবে হতাশ, আর সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে বহুগুণ। একসময় যে দেশ উন্নয়নের গল্প বলত, সেই দেশ আজ যেন হাঁপিয়ে উঠছে নানা সংকটের চাপে।
তবু বাংলাদেশের গল্প সবসময়ই শুধু অন্ধকারের গল্প নয়। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটি বিপর্যয়েই এই জাতি শিখেছে মাথা উঁচু করে দাঁড়াতে। ইতিহাস সাক্ষী, সংকট যত গভীরই হোক না কেন, এই মাটির মানুষ কখনো হাল ছাড়ে না। আজও মানুষ আশার আলো খুঁজছে, নতুন দিনের স্বপ্ন দেখছে। এই স্বপ্ন পূরণের জন্য চাই প্রজ্ঞা, ঐক্য আর সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি।
বাংলাদেশের প্রকৃত শক্তি লুকিয়ে আছে তার মানুষের মধ্যেই। শ্রমজীবী কৃষক, দিনমজুর, শিল্পশ্রমিক, উদ্যোক্তা, শিক্ষক, চিকিৎসক-সবাই মিলে এই দেশকে এগিয়ে নিয়ে যায় প্রতিদিন। তরুণ প্রজন্ম প্রযুক্তি ও উদ্ভাবনের নতুন দ্বার উন্মোচন করছে। এই শক্তিকে কাজে লাগাতে হলে রাজনৈতিক অস্থিরতা দূর করে আস্থা ফিরিয়ে আনা জরুরি।
এখন সময় একে অপরকে দোষারোপ নয়, বরং সংলাপ ও সমঝোতার মাধ্যমে সমাধানের পথ খোঁজার। বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা করা এবং কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। সুশাসন প্রতিষ্ঠা এবং স্বচ্ছতা নিশ্চিত করাও জরুরি, কারণ এসব ছাড়া কোনো উন্নয়ন দীর্ঘমেয়াদে টেকসই হতে পারে না।
আজকের বাংলাদেশ যেন এক বিশাল মোড়ে দাঁড়িয়ে থাকা যাত্রীর মতো, পথ কোন দিকে যাবে, তা নির্ভর করছে আমাদের সবার সম্মিলিত সিদ্ধান্তের উপর। শুধু রাজনৈতিক নেতাদের নয়, প্রতিটি নাগরিকের দায়িত্ব নিতে হবে। দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের সবার।
নতুন বাংলাদেশের স্বপ্ন হবে বাস্তব তখনই, যখন আমরা বিভাজন নয়, ঐক্যকে বেছে নেব; ভোগ নয়, সেবা ও ত্যাগকে অগ্রাধিকার দেব। সংকটের গভীর অন্ধকারে আলো খুঁজে পাওয়ার এই মুহূর্তটাই হতে পারে আমাদের ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা।
অতীতের মতোই আমরা বিশ্বাস করি-বাংলাদেশ পারবে। এই মাটির মানুষের দৃঢ়তা, সাহস আর অটল বিশ্বাসই আমাদের পথ দেখাবে একটি আলোকিত আগামী গড়ার।
-সম্পাদক