‘দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, সীমান্ত রক্ষা, সন্ত্রাস দমন ও চোরাচালান প্রতিরোধে সশস্ত্রবাহিনী নিরলসভাবে কাজ করে আসছে। তারা শুধু প্রতিরক্ষা বাহিনীই নয়, বরং রাষ্ট্রের নিরাপত্তারও শেষ ভরসা। শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে তাদের শৃঙ্খলা, সততা ও দক্ষতা দেশের উন্নয়নের ভিত্তিকে শক্তিশালী করছে’। শুক্রবার সকালে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি বগুড়া জেলা শাখা আয়োজিত ‘সশস্ত্রবাহিনী’ দিবস-২০২৫ উপলেক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মুনস্টোন প্রপার্টিস এন্ড হোল্ডিংস লিমিটেডের ভাইস-চেয়ারম্যান ও বগুড়া জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য মোশারফ হোসেন চৌধুরী এসব কথা বলেন।

অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি বগুড়া জেলা শাখা আয়োজিত ‘সশস্ত্রবাহিনী’ দিবস-২০২৫ উপলেক্ষে শোভাযাত্রা।
প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, ‘আমাদের সেনা, নৌ ও বিমানবাহিনীর সেই গৌরবময় ইতিহাস, ত্যাগ ও অর্জন, যা বাংলাদেশ রাষ্ট্রকে এক অটুট ভিত্তির ওপর দাঁড় করিয়েছে। এজন্যই সশস্ত্র বাহিনী দিবস আমাদের জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের বিভিন্ন বাহিনী এক যোগে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে যৌথ আক্রমণ শুরু করেছিলো। সেই থেকে এ দিনটি আমাদের স্বাধীনতার সংগ্রামে বীরত্ব, ঐক্য, শৃঙ্খলা ও দেশপ্রেমের প্রতীক হিসেবে দেখা হয়। বীর সেনানীদের সেই অবদানকে সম্মান করতেই আমরা প্রতিবছর এই দিনটি পালন করি’।
তিনি আরো বলেন, ‘বগুড়ার কৃতী সন্তান বীরউত্তম মেজর জেনারেল জিয়াউর রহমান ইতিহাসের অন্যতম সাহসী সেনানায়ক। চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে তাঁর দেওয়া স্বাধীনতার ঘোষণা মুক্তিযুদ্ধের ইতিহাসে নতুন গতি ও প্রেরণা এনে দেয়। পরবর্তীতে রাষ্ট্রপতি হিসেবে জিয়াউর রহমান রাষ্ট্র পুনর্গঠন, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক স্বনির্ভরতা, প্রশাসনিক সংস্কার ও গ্রামীণ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর নেতৃত্ব দেশকে স্থিতিশীলতার পথে ফিরিয়ে আনে এবং স্বাধীনতার ভিত্তিকে সুদৃঢ় করে’।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম। অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি, বগুড়া জেলা শাখার প্রধান উপদেষ্টা অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার রবিউল হাসান, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অবসরপ্রাপ্ত সৈনিক সাজেদুর রহমান মোহন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বগুড়া জেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট শাহ জামাল হোসেন, সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত কর্পোরাল রানা সরকার। আলোচনা সভার আগে একটি শোভাযাত্রা বগুড়া শহরের সাতমাথা হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি, বগুড়া জেলা শাখা দীর্ঘদিন ধরে দেশের বীর সন্তানদের মর্যাদা, কল্যাণ ও অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। সংগঠনটির সুসংগঠিত কার্যক্রম, সমাজসেবা ও কল্যাণমূলক বিভিন্ন প্রশংসনীয় প্রোগ্রাম করে থাকেন।