• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

সম্পাদকীয়- আগস্ট ২০২৫

Reporter Name / ২২৪ Time View
Update : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

এক. আজ থেকে বছর ছয়েক আগের কথা। বাংলাদেশের তরুণ কবি, প্রচ্ছদ শিল্পী এবং চিন্তক আফসার নিজামের সাথে পুরানা পল্টন রাস্তায় দাঁড়িয়ে চা পান করছিলাম। সেখানেই কথা হয় তার সাথে একটি ভালো মানের ম্যাগাজিন প্রকাশের বিষয়ে। অনেক ক্রিয়েটিভ চিন্তা করতে করতে পারেন আফসার নিজাম। তিনিই সেই দিন ম্যাগাজিনটির নাম দিয়েছিলেন ‘আলোচনা’। এখানে সব ধরনের আলোচনাই স্থান পাবে। নামটা আমার খুব পছন্দ হয়। ম্যাগাজিন আকারে চিন্তা করার আগে আলোচনা নামে একটি ইউটিউব চ্যানেল চালু করি। সেখানে বিশ্বরাজনীতি নিয়ে দীর্ঘদিন বিশ্লেষণধর্মী আলোচনা চলতে থাকে। সেই আলোচনা ম্যাগাজিন আকারে প্রকাশের চিন্তা দিন দিন ঘনীভূত হতে থাকে। সময়ের অপেক্ষা শেষে সূচনা সংখ্যা এখন পাঠকের হাতে।

দুই. সময়ের দর্পণে প্রতিনিয়ত প্রতিফলিত হচ্ছে রাজনীতি, অর্থনীতি, সমাজ ও সংস্কৃতির জটিলতা ও পরিবর্তনের ছাপ। এই দ্রুত রূপান্তরমান বাস্তবতায় আমরা কোথায় দাঁড়িয়ে আছি? কোন দিকে এগোচ্ছি? আমাদের ভাবনা, বোধ, মূল্যবোধ সবকিছুই কি শুধু প্রভাবিত হচ্ছে, না কি প্রতিক্রিয়াশীল হয়ে উঠছে?
ঠিক যেমন ২০২৪ সালের জুলাই বিপ্লব আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে-রাষ্ট্র, রাজনীতি ও নাগরিক চেতনার মধ্যে কতটা বিচ্ছিন্নতা তৈরি হয়েছিল। তেমনই এই ঘটনার মাধ্যমে এক নতুন সামাজিক প্রশ্নও সামনে এসেছে, আমাদের সমাজের কাঠামো কতটা মানবিক, কতটা গণতান্ত্রিক? সেই উত্তাল জুলাই আমাদের মনে করিয়ে দিয়েছে, আলোচনা শুধু মত বিনিময়ের মাধ্যম নয়, বরং পরিবর্তনের পথরেখাও। ঠিক এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই “আলোচনা”-র যাত্রা।

‘আলোচনা’ শুধু একটি ম্যাগাজিন নয়-এটি একটি প্ল্যাটফর্ম। মতপ্রকাশের, বিশ্লেষণের, প্রশ্ন তোলার, আবার উত্তর খোঁজারও। এখানে রাজনীতির ভেতরের স্রোত যেমন উঠে আসবে নির্ভীক বিশ্লেষণে, তেমনি অর্থনীতির চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথাও তুলে ধরা হবে নিরপেক্ষ চোখে। সমাজ ও সংস্কৃতির বিকাশ, সংকট, সম্ভাবনা-সবই আসবে প্রবন্ধ, সাক্ষাৎকার, ফিচার, গল্প, চিত্র ও মতামতের বিন্যাসে।
আমরা বিশ্বাস করি-সমাজ এগিয়ে যায় আলোচনার মাধ্যমে, মুখোমুখি হওয়ার মধ্য দিয়ে, মতের সম্মান ও যুক্তির চর্চায়।
তাই ‘আলোচনা’ কারও বিরুদ্ধে নয়, বরং সবার পক্ষে; সত্য ও প্রগতির পক্ষে।

এই সূচনা সংখ্যায় আমরা সময়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কাজ করেছি। দেশের প্রশাসন, তরুণ রাজনীতি, শ্রমজীবী বাস্তবতা, ধর্ম-সমাজের সম্পর্ক, ও মানবিক সংকট-বিভিন্ন বিষয় উঠে এসেছে লেখকদের নিরবচ্ছিন্ন চেষ্টায়।
এই যাত্রা সহজ নয়। কিন্তু পথচলায় আমরা আস্থা রাখি পাঠকের শুভবোধে, অংশগ্রহণে এবং সমর্থনে।
‘আলোচনা’ হোক আমাদের সবার চিন্তার আয়না।

 

সম্পাদক

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category