বাংলা নববর্ষের প্রথম ভোরে যখন চারদিকে নতুনের কেতন উড়ছে, ঠিক তখনই গাইবান্ধার সাঘাটায় যাত্রা শুরু করল এক অনন্য জ্ঞানের ভুবন। পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) মঙ্গলবার বেলা ১১টায় সাঘাটা উপজেলার বটতলা বাজারে উৎসবমুখর পরিবেশে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ‘আব্দুস সালাম মাস্টার-মনোয়ারা বেগম পাঠাগার’। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা ৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল ওয়ারেছ আকন্দ। তিনি ফিতা কেটে এই জ্ঞানকেন্দ্রের শুভ সূচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ আকন্দ বলেন, ‘একটি পাঠাগার বইয়ের সংগ্রহশালার শাপাশি এটি একটি জাতির মেধা ও মনন বিকাশের প্রধান কেন্দ্রবিন্দু। বর্তমান সময়ে তরুণ প্রজন্ম যেভাবে মোবাইল আসক্তি ও মাদকের ভয়াল থাবার দিকে ঝুঁকে পড়ছে, সেখান থেকে তাদের রক্ষা করে আলোর পথে ফেরাতে প্রতিটি পাড়ায় পাড়ায় এমন পাঠাগার গড়ে তোলা অত্যন্ত প্রয়োজন। তিনি আরও উল্লেখ করেন, আলোকিত প্রজন্ম গড়তে এবং দেশের সঠিক ইতিহাস জানতে বই পড়ার কোনো বিকল্প নেই। এই পাঠাগারটি সাঘাটার মানুষের জন্য একটি সত্যিকারের আলোকবর্তিকা হিসেবে কাজ করবে এবং সমাজ থেকে অন্ধকারের কালো ছায়া দূর করতে অগ্রণী ভূমিকা পালন করবে’।
অনুষ্ঠানে বরেণ্য অতিথির বক্তব্যে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মো: আশরাফুল কবীর পাঠাগারের গুরুত্ব তুলে ধরে বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে পাঠাগার দর্পণ হিসেবে কাজ করে। প্রশাসনিক ব্যস্ততার মাঝেও এমন একটি মহতী এবং সামাজিক উদ্যোগ দেখে আমরা অত্যন্ত আশাবাদী। তিনি এই পাঠাগারের স্থায়িত্ব ও ভবিষ্যৎ উন্নয়নের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বগুড়া বন্ধন হাসপাতালের চেয়ারম্যান ও পাঠাগারের আজীবন সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান শহীদ এবং এ্যালবাম সম্পাদক কবি মনজু রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাঘাটা উপজেলা শাখার মাওলানা মো: ইব্রাহীম হোসেন, বোনারপাড়া এম ইউ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ ও আজীবন সদস্য মাওলানা জাহিদুল ইসলাম, সাঘাটা উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব শহীদুল ইসলাম বাদল এবং গাইবান্ধা জেলা যুবদলের সহ শ্রমবিষয়ক সম্পাদক আনিছুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের সদস্য জাকির হোসেন, আমারদেশ পত্রিকার সাঘাটা উপজেলা প্রতিনিধি মিজার রাঙ্গা, দৈনিক করতোয়া প্রতিনিধি জয়নাল আবেদীন, যায়যায়দিন প্রতিনিধি আনোয়ার হোসেন রানা, কবি ও সাংবাদিক আবু তাহের। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পাঠাগারের সহসভাপতি শামছুল কবীর সেলিম, নূর আলম মন্ডল এবং আব্দুর রউফ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাঠাগারের সভাপতি ওমর ফারুক এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাগারের উপদেষ্টা মাওলানা মোজ্জাফ্ফর রহমান। উপস্থিত বক্তারা সকলে একমত পোষণ করেন যে, আব্দুস সালাম মাস্টার-মনোয়ারা বেগম পাঠাগারটি অত্র অঞ্চলের শিক্ষা ও সাংস্কৃতিক বিকাশে এক নতুন মাইলফলক হয়ে থাকবে। জ্ঞানের মশাল জ্বালিয়ে সমাজ সংস্কারের এই মহতী প্রচেষ্টাকে এলাকার সর্বস্তরের মানুষ সাধুবাদ জানিয়েছেন।
উল্লেখ্য, আব্দুস সালাম মাস্টার-মনোয়ারা বেগম পাঠাগারটি ২০২৪ সালে পহেলা নভেম্বর অনানুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। আনুষ্ঠানিক উদ্বোধন হয় গত ১৪ এপ্রিল।