• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

সাঘাটায় হাজী কল্যাণ সমিতির  উদ্যোগে হাজী সমাবেশ

নিজস্ব প্রতিবেদন / ৩৯ Time View
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

গাইবান্ধার সাঘাটা হাজী কল্যাণ সমিতির উদ্যোগে পবিত্র কুরআন ও হাদীসের আলোকে ইহকাল ও পরকালের কল্যাণে হজ্জের ফজিলত ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং নবনির্বাচিত সংসদ সদস্যের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২৮ মার্চ ২০২৬, শনিবার উপজেলার বারকোনা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এই সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা ৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: আব্দুল ওয়ারেছ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: আব্দুল ওয়ারেছ বলেন, এই পবিত্র সমাবেশে আল্লাহর মেহমানদের সামনে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। হাজী সাহেবদের দোয়া ও পরামর্শ নিয়ে আমি এলাকার উন্নয়নে কাজ করতে চাই। একজন নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমার মূল দায়িত্ব হলো মানুষের ধর্মীয় ও সামাজিক অধিকার নিশ্চিত করা। সাঘাটা হাজী কল্যাণ সমিতির এই মহতী উদ্যোগ আমাদের সমাজের নৈতিক ভিত্তি মজবুত করতে এবং মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়াতে অনন্য ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, হজ্জের যে ত্যাগের শিক্ষা তা আমাদের ব্যক্তিগত ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত করতে হবে।

সাঘাটা হাজী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব মাও: ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে হজ্জের গুরুত্ব ও সমসাময়িক ধর্মীয় বিষয়ে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মহিমাগঞ্জ কামেল মাদরাসার ভাইস প্রিন্সিপাল আলহাজ্ব ড. মো: মোখলেছুর রহমান।

প্রধান আলোচকের বক্তব্যে আলহাজ্ব ড. মো: মোখলেছুর রহমান হজ্জের তাৎপর্য তুলে ধরে বলেন, হজ্জ কেবল একটি সফর নয় বরং এটি মহান আল্লাহর সান্নিধ্য লাভের এক অনন্য মাধ্যম। হজ্জের প্রতিটি রোকন আমাদের আত্মশুদ্ধি এবং তাকওয়া অর্জনে অনুপ্রাণিত করে। একজন হাজ্বী যখন পবিত্র ভূমি থেকে ফিরে আসেন তখন তার মধ্যে যে আমূল পরিবর্তন আসে তা যেন সারা জীবন অটুট থাকে। তিনি আরও বলেন, ইহকাল ও পরকালের মুক্তির জন্য ইসলামের এই মহান স্তম্ভের গুরুত্ব অপরিসীম এবং প্রতিটি সামর্থ্যবান মুসলমানের উচিত যথাযথ নিয়ম মেনে আল্লাহর ঘর জিয়ারত করা।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মাও: মো: আব্দুল্লাহ আনছারী। বক্তারা তাদের বক্তব্যে হজ্জের আধ্যাত্মিক শিক্ষা ও ব্যক্তিজীবনে এর প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। সেই সাথে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে ছিলেন সাঘাটা হাজী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যক্ষ মো: আব্দুল মতিন খন্দকার। এছাড়াও অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category