‘মাসিক আলোচনা’ ম্যাগাজিন আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠকে উপস্থিত সকলকে ধন্যবাদ। চব্বিশ-পরবর্তী বাংলাদেশে গণমানুষের রাজনৈতিক সচেতনতায় এক নবজাগরণ ঘটেছে। আমি মনে করি, বর্তমান প্রেক্ষাপটে সাধারণ মানুষের চিন্তাধারায় যে আমূল পরিবর্তন এসেছে, তা অভাবনীয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সেই পরিবর্তনের প্রতিফলন। দীর্ঘদিন ধরে চলে আসা কেবল ‘মার্কা দেখে ভোট দেওয়া’র সংস্কৃতি থেকে বেরিয়ে এসে জনগণ এখন অনেক বেশি পরিপক্ব।

তারা আর অন্ধ আনুগত্য নয়, বরং মেধা ও যোগ্যতার বিচার করতে শিখেছে। আগামী নির্বাচনে সাধারণ মানুষের একমাত্র প্রত্যাশা, সংসদে এমন একজন প্রতিনিধি আসুক, যিনি শুধু কাগজে-কলমে যোগ্য নন, বরং যার হৃদয়ে রয়েছে প্রকৃত দেশপ্রেম এবং ‘বাংলাদেশপন্থী’ চেতনা। যিনি ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে রাষ্ট্র ও জনগণের মঙ্গলে নিজেকে নিবেদিত রাখবেন, নতুন দিনের জনগণ ব্যালটের মাধ্যমে এমন পরীক্ষিত নেতৃত্বকেই বেছে নেবে বলে আমার বিশ্বাস।
প্যানেল আলোচক, আহ্বায়ক জাতীয় ছাত্র শক্তি , বগুড়া জেলা সংসদ