• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

‘বন্ধু আমার চোখের সামনে মারা গেল’

আলোচনা ডেস্ক / ৮০ Time View
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

পরীক্ষা শেষ করে বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতে ক্লাসরুম থেকে বেরিয়েছিল ফারহান হাসান। ঠিক তখনই বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ জেট তাদের স্কুল ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। তাতে মৃত্যু হয় কমপক্ষে ২৭ জনের। মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ফাহান বলেছে, জ্বলন্ত বিমানটি আমার চোখের সামনেই ভবনে আঘাত করে। তাতে আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, যার সঙ্গে আমি পরীক্ষার হলে ছিলাম, সে আমার চোখের সামনেই মারা গেল। বেদনার এ কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে ফারহান। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয় ফুটেজে দেখা যায়, একটি দুইতলা ভবনে বিমানটি আঘাত হানার পর ভয়াবহ আগুন আর ঘন ধোঁয়ায় এলাকা ভরে গেছে। দুর্ঘটনায় আহত হন ১৭০ জনেরও বেশি মানুষ।

ফারহান তার চাচা ও বাবার সঙ্গে বিবিসি বাংলাকে বলেন, আমার চোখের সামনেই বিমানের চাকাটা তার (বন্ধু) মাথার উপর দিয়ে চলে যায়। তখন অনেক অভিভাবক স্কুলে দাঁড়ানো। কারণ ছোট বাচ্চারা স্কুল ছুটির পর বের হচ্ছিল। বিমানটি সেই অভিভাবকদেরও নিয়ে গেল।

কলেজের শিক্ষক রেজাউল ইসলাম বলেন, তিনি বিমানটিকে সরাসরি ভবনে আঘাত করতে দেখেছেন। আরেক শিক্ষক মাসুদ তারিক রয়টার্সকে জানান, তিনি একটি বিস্ফোরণের শব্দ শোনেন। বলেন, পেছনে ফিরে তাকাতেই শুধু আগুন আর ধোঁয়া দেখি। সেখানে তখন অনেক অভিভাবক আর বাচ্চা ছিল। দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর ঘনবসতিপূর্ণ ওই আবাসিক এলাকায় বিপুল ভিড় জমে যায়। অনেকেই ভবনের ছাদে উঠে ঘটনাস্থল দেখতে থাকেন। মানুষ চারদিকে ছুটে বেড়াচ্ছিল। আর অ্যাম্বুলেন্স ও স্বেচ্ছাসেবীরা আহতদের এবং নিহতদের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বের করে আনতে ব্যস্ত ছিলেন। সেখানে উপস্থিত এক নারী জানান, দুর্ঘটনার পরপরই তার ছেলে ফোন করেছিল। কিন্তু এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ নেই।

ভুক্তভোগীদের পরিবারের অনেকেই এদিন হাসপাতালে উপস্থিত হন। তার মধ্যে ছিলেন শাহ আলম, অষ্টম শ্রেণির শিক্ষার্থী তানভির আহমেদের চাচা। তানভির দুর্ঘটনায় মারা গেছে। শাহ আলম কান্নায় ভেঙে পড়েন। শোকে স্তব্ধ তানভিরের পিতাকে তিনি জড়িয়ে ধরে বলেন, আমার প্রিয় ভাতিজা এখন মর্গে। সাধারণ মানুষও রক্ত দিতে হাসপাতালে ভিড় জমায়। একই সঙ্গে বিএনপি ও জামায়াতে ইসলামী দলের কয়েকজন নেতা ঘটনাস্থলে যান। বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ঢাকার সাতটি হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার মঙ্গলবার (জাতীয় পতাকা অর্ধনমিত রেখে) সারা দেশে এক দিনের শোক ঘোষণা করেছে।

সশস্ত্র বাহিনীর বিবৃতিতে বলা হয়, যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর পাইলট জনবসতিপূর্ণ এলাকা এড়িয়ে বিমান চালানোর চেষ্টা করেছিলেন। তিনি রাজধানীর একটি বিমানঘাঁটি থেকে মাত্র উড্ডয়ন করেছিলেন। ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ঘটনাটির কারণ তদন্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে এবং সব ধরনের সহায়তা নিশ্চিত করা হবে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে লিখেছেন, এটি জাতির জন্য গভীর শোকের মুহূর্ত। আমি আহতদের দ্রুত সুস্থতা কামনা করি এবং সংশ্লিষ্ট হাসপাতালসহ সব কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দিচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category