সাম্প্রতিক সময়ে বগুড়া জেলাজুড়ে কিশোর গ্যাংয়ের উৎপাত এবং উঠতি বয়সী কিশোরদের মধ্যে সহিংস আচরণের প্রবণতা আশঙ্কাজনক হারে বাড়ছে। কথায় কথায় মারামারি, গ্রুপিং, এবং এমনকি ধারালো অস্ত্র দিয়ে একে অপরকে আঘাত করার মতো ভয়াবহ ঘটনার জন্ম দিচ্ছে উঠতি বয়সী অনেক কিশোর। এসব ঘটনায় হতাহতের সংখ্যাও বাড়ছে, যা উদ্বেগের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে জেলার নাগরিকদের কাছে।
এই প্রেক্ষাপটে কিশোর অপরাধ নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পুলিশ বগুড়া এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। ২৫ জুলাই বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথায় পথচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিএম।
লিফলেটে কিশোর গ্যাংয়ের ভয়াবহতা, কিশোরদের চলাফেরায় অভিভাবক নজরদারির প্রয়োজনীয়তা এবং সমাজে সুস্থ বিনোদনের বিকল্প ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। পুলিশ সুপার নিজে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, উদ্বেগের কথা শোনেন এবং তাদের সচেতন করে তোলার চেষ্টা করেন।
তিনি বলেন, “কিশোররা দেশ ও জাতির ভবিষ্যৎ। আমরা চাই না, তারা ভুল পথে পা বাড়াক। তাদের সঠিক দিকনির্দেশনা দিতে পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে একসাথে কাজ করতে হবে। জেলা পুলিশ সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাবে।”
পথচারীরা পুলিশ সুপারের এই কার্যক্রমকে স্বাগত জানান এবং নিয়মিত এ ধরনের উদ্যোগ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
এই ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি কিশোর গ্যাং দমন ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।