বগুড়ায় শিশুদের মানসিকভাবে বিকাশ ও শিক্ষা-সংস্কৃতির ক্ষেত্রকে আরও সুদৃঢ় করতে বাংলাদেশ শিশু একাডেমির জেলা পরিচালনা কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে বগুড়ার জেলা প্রশাসককে সভাপতি, পুলিশ সুপারকে সহসভাপতি এবং বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
গত ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ শিশু একাডেমির বগুড়া জেলা কার্যালয় থেকে পাঠানো এক চিঠিতে কমিটির বিষয়টি নিশ্চিত করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা ও বাংলাদেশ শিশু একাডেমির বোর্ড অব ম্যানেজমেন্টের সভার সিদ্ধান্ত অনুযায়ী বগুড়া জেলা শাখার কার্যক্রম গতিশীল ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এই নতুন কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান। সহসভাপতি হিসেবে রয়েছেন পুলিশ সুপার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।
কমিটিতে পদাধিকারবলে অন্যান্য সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক, জেলা ক্রীড়া কর্মকর্তা, বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক এবং বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্য থেকে মনোনীত সদস্য হিসেবে যুক্ত হয়েছেন নাজমা আক্তার, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এবং এডভোকেট পলাশ সরকার। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা এই কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
নতুন দায়িত্বপ্রাপ্তির পর অনুভূতি ব্যক্ত করে বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, “শিশুরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা, মনন, সংস্কৃতি ও সৃজনশীলতার বিকাশ ঘটানো আমাদের সবার দায়িত্ব। শিশু একাডেমি বগুড়া জেলা শাখার মাধ্যমে শিশুদের উপযোগী সুন্দর পরিবেশ গড়ে তুলতে এবং তাদের প্রতিভা বিকাশে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”
এই নতুন পরিচালনা কমিটি বগুড়ার শিশুদের মেধা ও প্রতিভা বিকাশে এবং একাডেমির সার্বিক কার্যক্রমে নতুন প্রাণ সঞ্চার করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।