নিজ কিশোরী কন্যাকে ধর্ষণের নৃশংস ও চাঞ্চল্যকর ঘটনায় পিতা মোঃ আব্দুল খালেককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাকে ২ লক্ষ টাকা জরিমানা এবং অতিরিক্ত ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আজ বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোঃ মারুফ হোসেন এই মামলার রায় ঘোষণা করেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২০ সালের ২১ অক্টোবর আনুমানিক রাত দেড়টার দিকে বগুড়া জেলার শেরপুর উপজেলার উত্তর শাহপাড়া এলাকার বাসিন্দা মোঃ আব্দুল খালেক বাড়িতে কেউ না থাকার সুযোগে তার নাবালিকা মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। এই নৃশংস ঘটনার পর ভুক্তভোগীর মা বাদী হয়ে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন।
তদন্ত শেষে আসামি আব্দুল খালেককে গ্রেফতার করা হলে সে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতের পর্যবেক্ষণের কথা উল্লেখ করে জানান, বিচারক তাঁর পর্যবেক্ষণে অত্যন্ত কঠোর বার্তা দিয়েছেন। আদালত বলেছেন, সমাজের বর্তমান অবস্থায় যদি একজন বাবার কাছেই তার নিজের কন্যা নিরাপদ না থাকে, তবে সমাজ টিকিয়ে রাখা অসম্ভব। সমাজকে সচেতন করতে এবং সর্বস্তরে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতেই আদালত আসামিকে এই সর্বোচ্চ শাস্তি প্রদান করেছেন।