প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এক নতুন উচ্চতায় পৌঁছেছে এবং দেশের প্রতিটি প্রান্তের দৃশ্যপট দ্রুত বদলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। শুক্রবার বগুড়া সফরকালে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী স্পষ্ট করে জানান, বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন হিন্দু সম্প্রদায়ের ওপর কোনো ধরনের আঘাত বা কাঁটার আঁচড় লাগতে দেওয়া হবে না। তিনি বলেন, আমরা জনগণের দেওয়া আমানত বা ভোটের মর্যাদা রক্ষা করতে জানি। ভোটারদের আঙুলের কালি শুকানোর আগেই বিএনপি সরকার তাদের দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি একে একে পূরণ করছে।

সকাল ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে সদর উপজেলা বিএনপি আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী। সেখানে বগুড়া পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সরকারি বরাদ্দ প্রদান করা হয়। সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তব্যে অংশ নেন শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহুরুল ইসলাম এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন। এ ছাড়াও উপস্থিত ছিলেন জজকোর্টের জিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম টুকু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা বেগম এবং শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব।
বগুড়া সফরকালে প্রতিমন্ত্রী শিবগঞ্জ উপজেলার নাগরবন্দর মসজিদের চলমান নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করেন। এরপর তিনি প্রয়াত বিএনপি নেতা আব্দুর রাজ্জাক ও শাহ এমএ জলিলের কবর জিয়ারত করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন। দুপুরে তিনি সাদুল্যাপুর সার্বজনীন দুর্গা মন্দিরে আয়োজিত হরিবাসর অনুষ্ঠানে যোগ দেন।
সেখানে তিনি আরও বলেন, সকল ধর্মের মানুষের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা বিএনপি সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার। আমরা সবাই মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তুলবো।