• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

বিশ্ব মান দিবসে বগুড়ায় আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদন / ১৭১ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
সভায় সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান

“অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব-সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি” প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় পালিত হয়েছে বিশ্ব মান দিবস ২০২৬। দিবসটি উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার যৌথ আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১৪ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের ‘করতোয়া’ সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার উপপরিচালক ও অফিস প্রধান মোঃ জহুরুল হক। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম, আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. আহসানুল তৈয়ব জাকির, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এম এস এম আতিকুর রহমান বাদল, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, রাজাবাজারের সভাপতি আব্দুল হান্নান।


অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন (রাজশাহী বিভাগীয় কমিটি)-র সাধারণ সম্পাদক ব্যবসায়ী সমাজে সততা ও নৈতিকতার ওপর বিশেষ জোর দেন। মানুষের বিবেকবোধকে জাগ্রত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ব্যবসায়ীরা যদি ব্যক্তিগত জীবনে ভালো ও সৎ মানুষ হন, তবেই বাজারে মানসম্মত ও উন্নত পণ্য পাওয়া সম্ভব। কেবল আইন প্রয়োগ করে ভেজাল বা নিম্নমান রোখা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন ব্যবসায়ীদের ভেতরের বিবেক ও নৈতিকতার জাগরণ।”
সভায় বক্তব্য প্রদানকালে বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব এম, আর ইসলাম স্বাধীন এবং জেলা পরিষদের প্রশাসক জনাব এ. কে. এম. আহসানুল তৈয়ব জাকির বিএসটিআই কর্মকর্তাদের শতভাগ সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সাথে কাজ করার আহ্বান জানান। একই সাথে তারা বিএসটিআই বগুড়া অফিসে প্রয়োজনীয় জনবল বৃদ্ধি এবং ব্যবসা-বাণিজ্য ও শিল্প সমৃদ্ধ উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়াতে বিভাগীয় কার্যালয় স্থাপনের জোরালো প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সমাপনী বক্তব্যে সভাপতির আসনে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তৌফিকুর রহমান বলেন, “জনস্বাস্থ্য রক্ষা ও ভোক্তার সঠিক অধিকার নিশ্চিত করতে পণ্যের গুণগত মানের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। বিএসটিআই–এর নিয়মিত নজরদারির পাশাপাশি ব্যবসায়ী সমাজকে স্বপ্রণোদিত হয়ে ভেজালমুক্ত ও উন্নত মান বজায় রাখতে হবে। একই সাথে পরিবেশবান্ধব ও সাশ্রয়ী জ্বালানি নিশ্চিতের মাধ্যমে একটি সমৃদ্ধ বগুড়া ও উন্নত বিশ্ব গঠনে সবাইকে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।“

এছাড়াও আলোচনা সভায় বক্তারা পণ্যের সঠিক মান বজায় রাখা এবং সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের মাধ্যমে টেকসই ও উন্নত বিশ্ব গড়ার গুরুত্ব তুলে ধরেন। সভায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category